সাপ্তাহিক ২০০০ | বিনোদন | বুধবার 8 সেপ্টেম্বর 2010 12:18 অপরাহ্ন ২৪ ভাদ্র ১৪১৭

চ ল চ্চি ত্র

ঈদে শাকিব খানের ৩
মুক্তি পাচ্ছে ৫


এবারের ঈদে মুক্তি পাচ্ছে ৫টি ছবি। এর মধ্যে শাকিব খান অভিনীত তিনটি ছবি। সিনেমাপ্রেমী দর্শকরা প্রিয় নায়ককে দেখতে পাবেন তিন ছবিতে। তিনটি ছবির গল্প ও চরিত্র ভিন্ন ভিন্ন। ঈদের এই ৫ ছবি নিয়ে সাপ্তাহিক ২০০০-এর আয়োজন

ঈদকে সামনে রেখে সিনেমাপ্রেমী দর্শকরা অপেক্ষায় থাকেন নতুন সিনেমা দেখার। প্রযোজক, পরিবেশক, হল মালিক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই অপেক্ষায় থাকেন তাদের সিনেমাটা যেন দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। ব্যবসাসফল হোক তাদের সিনেমাটি। তবে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য দুঃসংবাদÑ এবারের ঈদে খুব বেশি সিনেমা মুক্তি পাচ্ছে না। মাত্র পাঁচটি সিনেমা মুক্তি পাচ্ছে। এগুলোর তিনটিতেই অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার সিনেমার পরিচালকরা দাবি করেছেন তিনটি সিনেমাতেই শাকিব খানকে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। একঘেয়েমিতে ভুগবেন না তারা।
শাকিব খান অভিনীত প্রথম সিনেমার নাম ‘নাম্বার ওয়ান শাকিব খান’। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে আরো রয়েছেন অপু বিশ্বাস। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গান গেয়েছেন এন্ড্রু কিশোর, কনকচাঁপা, এসআই টুটুল, রিজিয়া পারভীন, আসিফ। অন্য ছবির নাম ‘নিঃশ্বাস আমার তুমি’। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস। আলী আকরাম শুভর সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, এসআই টুটুল ও আসিফ। গান লিখেছেন কবির বকুল। ভালবাসা নিয়ে প্রেমিক-প্রেমিকা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় সমাজ, পরিবার। সত্যি প্রেম কোনো বাধা মানে না। এটাই ‘নিঃশ্বাস আমার তুমি’ সিনেমার গল্প। শাকিব খান অভিনীত তৃতীয় সিনেমার নাম ‘চাচ্চু আমার চাচ্চু’। পরিচালনা পিএ কাজল। অভিনয় করেছেন রাজ্জাক, সুচরিতা, দীঘি ও অপু বিশ্বাস। সংগীত পরিচালনা করেছেন ‘ইমন সাহা ও শওকত আলী ইমন। গান গেয়েছেন এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, রুনা লায়লা, বেবী নাজনীন, কনকচাঁপা, বারী সিদ্দিকী ও পড়শী। গান লিখেছেন কবির বকুল। বন্ধুত্ব, বিভিন্ন ঘাত-প্রতিঘাত, পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত ‘চাচ্চু আমার চাচ্চু’। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘রিকশাওয়ালার প্রেম’ সিনেমাটি মুক্তি পাবে এই ঈদে। অভিনয় করেছেন রাজ্জাক, রেশী, রোমানা, শাকিবা, মুক্তি, দীঘি, প্রবীর মিত্র, আলেকজান্ডার বো, সম্রাট, জায়েদ খান ও ডিপজল। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গান গেয়েছেন এন্ড্রু কিশোর, কনকচাঁপা, রিজিয়া পারভীন, মুন্নী ও আসিফ। ছবির গল্পে দেখা যাবে আলমাস চৌধুরী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী। চার মেয়েকে নিয়ে তার সুখের সংসার। জমি লিজ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ঢালীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে কাশেম আক্রমণ করে আলমাস চৌধুরীর বড় মেয়ে সেতুকে। সেতু পালিয়ে গিয়ে আশ্রয় নেয় এক রিকশাওয়ালার গ্যারেজে। রিকশাওয়ালার সাহস দেখে প্রেমে পড়ে যায় সেতু। এভাবেই এগিয়ে যায় ‘রিকশাওয়ারার প্রেম’ সিনেমার গল্প। ইমপ্রেস টেলিফিল্মের ছবি  নার্গিস আখতার পরিচালিত ‘অবুঝ বউ’ সিনেমাটিও মুক্তি পাবে এই ঈদে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ গল্প অবলম্বনে সিনেমাটি তৈরি করা হয়েছে। অভিনয় করেছেন ফেরদৌস, প্রিয়াঙ্কা, ববিতা, নিপুণ ও শাকিল খান।

স ং গী ত

ঈদের গান ঈদের অ্যালবাম

আর মাত্র কয়েক দিন পর ঈদ। এরই মধ্যে শেষ হয়ে গেছে অডিও  প্রযোজকদের সব ধরনের প্রস্তুতি। বাজারে আসতে শুরু করেছে ঈদের অডিও অ্যালবাম। এসব নিয়েই সাপ্তাহিক ২০০০ এ আয়োজন

এবার ঈদে গত বছরের তুলনায় অনেক কম অ্যালবাম প্রকাশিত হয়েছে। গত ঈদে স্বনামধন্য অডিও প্রযোজনা সংস্থা সংগীতা প্রকাশ করেছিল ৬০টি অ্যালবাম, এবার প্রকাশ করেছে ২০টি। জি-সিরিজ প্রকাশ করেছিল ৪০টি, এবার করেছে ১৮টি। লেজারভিশন প্রকাশ করেছিল ৩০টি, এবার করেছে ১৫টি। বসুধা আর্ব করেছিল ১০টি, এবার করেছে চারটি অডিও অ্যালবাম। অর্ধেকে নেমে এসেছে তাদের প্রকাশনা। এর মূল কারণটা হলো অডিও পাইরেসি। তারপরও নতুন অ্যালবামগুলো নিয়ে স্বপ্ন দেখছেন অডিও প্রযোজকরা। এবারের ঈদে বিগ বাজেটের অ্যালবামের মধ্যে রয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা ‘প্রজাপতি’র গানের অ্যালবাম। সবকটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, বালাম, ফেরদৌস ওয়াহিদ, ন্যান্সী, কণা, সিঁথি সাহা। গানের কথাগুলো হলো লজ্জাবতী, ডুব, দুদিকে বসবাস, ছোট্ট প্রেমের গল্প, তুমি ফিরিয়ে দিয়েছ বলে। ‘প্রজাপতি’ প্রকাশিত হয়েছে জি-সিরিজ থেকে। এ ছাড়া হাবিবকে পাওয়া যাবে লেজারভিশন থেকে প্রকাশিত ‘জাস্ট ওয়াহিদ’ শিরোনামের একটি মিশ্র অ্যালবামে। সঙ্গে রয়েছেন চাচাতো বোন মায়ান।
সংগীতা থেকে প্রকাশিত হবে অভিনেতা ফজলুর রহমান বাবুর প্রথম একক অ্যালবাম ‘ডুবাডুবি’। দেলোয়ার আরজু দা শরফের কথায় গানগুলোতে সুর করেছেন মান্নান মোহাম্মদ, সোহেল নিজামী ও মোহাম্মদ ইসহাক। বেবী নাজনীনের একক ‘ইচ্ছে করেই ভালবাসি’, আঁখি আলমগীরের ‘চোখ দিয়ে ছোঁবো হৃদয়’, বারী সিদ্দিকীর ‘ভালোবাসার জ্বালা’, কনিকার ‘দিনের শেষে’ প্রকাশিত হবে সংগীতা থেকে।
‘প্রজাপতি’ ছাড়াও জি-সিরিজ প্রকাশ করছে জুলফিকার রাসেলের কথায় বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে দুই বাংলার শিল্পীদের নিয়ে মিশ্র অ্যালবাম ‘পরস্পর’। অ্যালবামটিতে গান গেয়েছেন বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, ফাহমিনা নবী, রূপংকর। রাজীবের কথা ও সুরে মিশ্র অ্যালবাম ‘রাজীব মিউজিক বক্স’ প্রকাশিত হয়েছে। গান গেয়েছেন বাপ্পা, কণা, তৌসিফ, মিলন মাহমুদ, মুন্নী ও রাজীব। একক অ্যালবামের মধ্যে রয়েছে মিলন মাহমুদের ‘মন যমুনা’, অভির ‘প্রেমের মরা জলে ডোবে না’। মিনারের একক অ্যালবাম ‘নীল’।  লেজারভিশন থেকে প্রকাশিত হয়েছে রাজীবের একক ‘একলা মানুষ’, চ্যানেল আই ক্ষুদে গানরাজ পড়শীর একক ‘পড়শী’। রিপন খানের সংগীতায়োজনে মিক্স অ্যালবাম ‘মিক্স সেশন ওয়ান’, সোহেল মেহেদীর ‘মেঘের ভাঁজে’, সায়রা রেজার ‘এক নিমেষে’, সেতু রায়ের ‘জল জোছনা’। বসুধা আর্ব থেকে প্রকাশিত হয়েছে আগুনের নতুন একক ‘কি যে কান্না পেয়েছিল’, পলাশের একক ‘কেন বান্দো দয়াল ঘর’, আসিফ আকবর, ফজলুর রহমান বাবু, মমতাজের মিশ্র অ্যালবাম ‘আসমান সাক্ষী’, মমতাজ ও শাহনাজ বেণীর দ্বৈত অ্যালবাম ‘প্রেমের দোকান’। গানচিল থেকে প্রকাশিত হয়েছে ‘তুমি বরুনা হলে’খ্যাত কণ্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা মাহাদীর দ্বিতীয় একক ‘অন্য রকম’। ক্ষুদে গানরাজ আশার ‘রাজকুমারী’, ঝুমার ‘বৃষ্টির নূপুর’, রিংকুর লালনগীতির অ্যালবাম ‘ফকির লালন বলে’। ফাহিম মিউজিক থেকে প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চুর সুর ও ও সংগীতে মিশ্র অ্যালবাম ‘অনুভবে’। ইমাম হোসেনের কথায় গান গেয়েছেন জুয়েল, নওশাদ বাবু, কান্তা, মিমি ও বিজয়। সিডি চয়েস থেকে প্রকাশিত হবে পাঁচ অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসানের মিশ্র অ্যালবাম ‘পরান বন্ধুরে’, আতিক হাসানের ‘এক পৃথিবী দুঃখ’, ফেয়ার টিউন থেকে প্রকাশিত হবে এসডি রুবেলের নতুন একক ‘এক টাকার মানুষ।’
জাহিদ আকবর

সুরের কথামালায় সাবিনার সঙ্গে কবরী
কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমীনের একক পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান সুরের কথামালা প্রচারিত হবে ঈদের ২য় দিন সন্ধ্যা ৭টায়। পুরনো জনপ্রিয় ৪টি গান নতুন করে গাওয়া সেই সঙ্গে ২টি নতুন গান  কথোপোকথন এবং সাবিনা ইয়াসমিন সম্পর্কে গুনিজনের মন্তব্য দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আরিফ খানের পরিকল্পনা ও পরিচালনায় এবং শম্পা রেজার উপস্থাপনায় এই অনুষ্ঠানে একটি বিশেষ পর্বে অংশ নিয়েছেন সাংসদ ও অভিনেত্রী কবরী। এছাড়া মন্তব্য করেছেন রবীন ঘোষ, গাজী মাহজারুল আনোয়ার, রমলা সাহা, সুবর্না মুস্তাফা ও সোহেল রানা। অনুষ্ঠানে যে গানগুলো থাকবে সেগুলো হচ্ছে নাচের পুতুল ছবির জানি না কে যেন জড়ালে আমায়. পীচ ঢালা পথ ছবির এই পথ যত দূরে যাক না, অনুরাগ ছবির তোমাকে কাছে পেতে মন কবির সুমনের সুরে ২টি গান ও একটি রবীন্দ্র সঙ্গীত।

টে লি ভি শ ন

ঈদের টিভি অনুষ্ঠান
চ্যানেল আই : ঈদের দিন সকাল ১১-৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘অপরাজিতা’। রেদোয়ান রনীর পরিচালনায় অভিনয় করেছেন মৌসুমী ও মাহফুজ আহমেদ। রাত ৭-৫০ মিনিটে প্রচারিত হবে  হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় নাটক রুবিকস্ কিউব। অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল আরমান, তাহসিন। রাত ৯-৩৫ মিনিটে প্রচারিত হবে ফারুক হোসেনের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নাটক ‘পয়েন্ট থ্রি’। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রভা ও মোশাররফ করিম।
ঈদের দ্বিতীয় দিন দুপুর ৩-১৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘অল দ্য বেস্ট’। রচনা প্রসুন রহমান, পরিচালনা মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন নোবেল, মৌ, মাহফুজ আহমেদ, শখ। সন্ধ্যা ৭-৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘হাইওয়ে’। ধ্রুব এষের রচনায় চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।
একুশে টিভি : ঈদের দিন ১২-০২ মিনিটে প্রচারিত হবে ‘একুশের দুপুর’। অতিথি হিসাবে থাকবেন মডেল- চিত্রনায়ক নীরব। প্রযোজনা করেছেন মাসুদুল হাসান রনি।
ঈদের দিন রাত ৮-৩০ মিনিটে প্রচারিত হবে জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘ললিতার ঈদ’। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, আনিসুর রহমান মিলন ও প্রাণ রায়। রাত ৯-৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘শাপলা স্টুডিও’। পরিচালনা দীপু হাজরা। অভিনয় করেছেনÑ চঞ্চল চৌধুরী, নওশীন, খুশী, পুতুল।
দেশ টিভি: ঈদের প্রথম দিন দুপুর ৩-২ মিনিটে নাটক ‘বিবর্তন’। রচনা আনিসুল হক, পরিচালনা ইফতেখার আহমেদ  ফাহমি। অভিনয়ে জাহিদ হাসান, বিন্দু। ৬-২ মিনিটে ‘প্রথম গান প্রথম প্রেম’। অনুষ্ঠানে গান গাইবেন আবিদা সুলতানা, শাকিলা জাফর, আইয়ুব বাচ্চু, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, পার্থ বড়–য়া। প্রযোজনা ত্রিদিব বর্মণ। রাত ১০-২ মিনিটে সাত দিনের ধারাবাহিক নাটক ‘হিমু, মিসির আলী, বড় চাচা ও বাকের ভাই। রচনা ও পরিচালনা রেদোয়ান রনী। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, আলী যাকের, আসাদুজ্জামান নূর, আশীষ খন্দকার ও মোশাররফ করিম।
ঈদের দ্বিতীয় দিন দুপুর ৩-২ মিনিটে টেলিফিল্ম ‘হাট্টিমা টিম টিম’। রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, বন্যা মির্জা। ৭-৪৫ মিনিটে নাটক ‘নিরুদ্দেশ’। রচনা আলী ইমরান পরিচালক সাদিয়া ইসলাম মৌ। রাত ১২টায় নাটক ‘সুবর্ণ ও অলৌকিক সন্তান’। কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মনির খান শিমুল, বাঁধন।
বাংলাভিশন : ঈদের দিন দুপুর ২-৩০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘সুপাত্রের সন্ধানে’। রচনা হাসান শিকদার, পরিচালনা শাহীন কবীর টুটুল ও হাসান শিকদার। ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায় ‘হাবিব কনসার্ট ইন দুবাই’ সকাল ৯টায় নাটক ‘বংশরক্ষে’। রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সালাউদ্দিন লাভলু। অভিনয় চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম। দুপুর ২-৩০ মিনিটে বিশেষ টেলিফিল্ম ‘অপেক্ষা’। রচনা সাগর জাহান, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে অপি করিম, অপূর্ব, প্রভা, ইরেশ যাকের।

ঈদ নাটকের শীর্ষে সজল
বেশ ক’জন তারকা শিল্পী রয়েছেন ঈদ নাটকের শীর্ষে। অর্থাৎ ঈদে তাদের অভিনীত নাটকই বেশি প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে। তাদের মধ্যে সবচেয়ে বেশি নাটকের অভিনেতা হলেন সজল। প্রায় ৩৫টি নাটকে তিনি অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয়ও করেছেন নামি নায়িকারা। সজল অভিনীত নাটকের পরিচালকরা হলেনÑ আফজাল হোসেন, মোহন খান, হিমেল আশরাফ, আলভী আহমেদ, এসএ হক অলিক, হৃদি হক, সকাল আহমেদ, অঞ্চল আইচ, তুহিন অবন্ত, আবুল হায়াত, আশরাফুল আলম রিপন, সেঁজুতি ও মৌসুমী। কোনো কোনো পরিচালকের একাধিক নাটকেও অভিনয় করেছেন সজল। তিনি বলেন, সত্যি কথা বলতে আমি এত নাটকে অভিনয় করতে চাইনি। কিছু কিছু ক্ষেত্রে পরিচালকদের অনুরোধেও অভিনয় করতে হয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদে মীর সাব্বির ও আনিসুর রহমান মিলনের ২০টি করে নাটক প্রচার হবে। তিশা ও বিন্দুর প্রচার হবে ২০টি করে নাটক। সে হিসাবে সজলই ঈদ নাটকের শীর্ষে।
শাহ আলম সাজু

ছোটদের নাটক ইশকুল পালিয়ে
রোজার ঈদকে কেন্দ্র করে প্রায় ৪শ নাটক নির্মাণ হলেও ছোটদের জন্য নির্মাণ হয়নি ১০টি নাটকও। হাতেগোনা দু-চারটি নাটক ছোটদের জন্য নির্মিত হয়েছে। তেমনই একটি নাটকের নাম ‘ইশকুল পালিয়ে’। ঈদে একুশে টেলিভিশনে প্রচার হবে নাটকটি। ছড়াকার সারওয়ার উল ইসলামের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন মাসুদুল হাসান রনি। অভিনয় করেছেন ড. ইনামুল হক, সুষমা, মৃণাল দত্ত, দীপ্ত, আসিফ, ইশতি, শান্ত, সবুজ প্রমুখ। নাটকের গল্প এ রকমÑ মাদকাসক্ত ভাই মামুনকে নিয়ে খুবই চিন্তিত বোন শাওন। সামাজিকভাবে কারো সামনে যেতে পারে না। একদিন মাদকের টাকা জোগাড় করতে না পেরে ছিনতাই করে গণপিটুনির শিকার হয় মামুন। এভাবেই এগিয়ে যাবে গল্প। নাটকটি প্রচার হবে একুশে টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ২০ মিনিটে।