মাছ মাংসের দুই পদ
তৃপ্তি না পেলে কি আর খাবার খাওয়া যায়? রান্নার গুণেই খাবারে স্বাদ আসে। সুস্বাদু ২ পদের রেসিপি দিয়েছেন জেসমিন খান
চিকেন ফ্র্যাজি

উপকরণ
মোরগ মাঝারি ১টি, পেঁয়াজ স্লাইস ১ কাপ, রসুন বাটা, মরিচ বাটা ১ চা-চামচ করে, আদা বাটা ২ চা-চামচ, এলাচ ৪টি, দারুচিনি ৩ টুকরা, লবণ দেড় চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৬টি, সয়াবিন তেল আধা কাপ।
প্রণালী
মোরগ ৮ টুকরা করুন। তেলে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ চকচকে দেখালে সব মসলা দিয়ে এক মিনিট ভেজে মোরগ ও লবণ দিন। ঢেকে সেদ্ধ করুন। মৃদু আঁচে দমে দমে মোরগ সেদ্ধ করুন। মোরগ সেদ্ধ হলে টমেটো সস ও কাঁচামরিচ দিয়ে আরো ১৫-২০ মিনিট দমে রাখুন। এরপর চুলা থেকে নামিয়ে নিন।
ইলিশ কাবাব

উপকরণ
বড় ইলিশ ১টি; পেঁয়াজ বাটা, টক দই, ঘি ও তেল আধা কাপ করে; আদা, রসুন, মরিচ বাটা ১ টেবিল চামচ করে, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলা গুঁড়ো ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ধনে ও জিরা বাটা ১ চা-চামচ করে।
প্রণালী
মাছ আস্ত রেখে পেটের ময়লা বের করে ভালো করে ধুয়ে নিন। সব বাটা মসলা, দই ও লবণ দিয়ে মাছের ভেতর ও বাইরে মাখিয়ে নিন। এরপর কাঁটা দিয়ে মাছ অল্প কেচে নিন। একটা বড় পাত্রে তেল ও ঘি দিন। গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে আস্ত মাছ ছেড়ে দিন। সব মাখা মসলা মাছের ওপর দিন। অল্প আঁচে বাদামি হওয়া পর্যন্ত রান্না করুন। মাছের ওপরে-নিচে তেল দিন। মাছ বাদামি হলে এবং ভুনা হলে নামিয়ে ফেলুন।
দুই পদের ফিরনি
দুধের তৈরি খাবারের প্রতি লোভ থাকে সবারই। আর তা যদি হয়
স্বাদ ও গন্ধে পরিপূর্ণ তাহলে তো বলার অপেক্ষা রাখে না। এমনই মজাদার রেসিপি দিয়েছেন দিল আফরোজ
সাগুদানার ফিরনি

উপকরণ
দুধ আধা লিটার, সাগুদানা আধা কাপ, চিনি ১ কাপ।
প্রণালী
দুধের সঙ্গে সামান্য পানি-চিনি মিশিয়ে চুলায় দিন। ঘন হলে সাগুদানা দিন। সাগুদানা ফুটে গেলে নামান। ঠা-া হলে পরিবেশন করুন।
নারকেল মিক্সড ফিরনি

উপকরণ
আতপ চাল আধা ভাঙা ১ কাপ, নারকেল কোরানো আধা কাপ, গোলাপজল ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো ২টি, কিশমিশ ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, ১ লিটার দুধ।
প্রণালী
দুধ ঘন করে আধা লিটার করুন। এরপর আধা ভাঙা চাল আর নারকেল দিন। সামান্য পানি দিন। এবার চাল ফুটে এলে চিনি দিন। দুধ ঘন হয়ে আঠালো হলে নামানোর আগে গোলাপজল, এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামান। একটি পাত্রে ঢেলে ওপরে কিশমিশ দিয়ে সাজিয়ে ফ্রিজে রাখুন। ঠা-া হলে পরিবেশন করুন।


