অস্বচ্ছ রাজনীতি ইমতিয়ার শামীম
আমাদের এই দেশটি কি সামরিক শাসনের দিকে এগিয়ে যাবে, জনগণের আশঙ্কার বরাত দিয়ে যেমনটি বলা হয়েছে ‘ফরেন পলিসি’তে? নাকি রাজনৈতিক দলগুলো রাষ্ট্র-রাজনীতি ও আন্দোলন পরিচালনার ক্ষেত্রে, জনগণকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশটিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে পশ্চিমা দেশগুলোর চেয়েও উন্নততর পর্যায়ে নিয়ে যাবেন, যেমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে ‘গার্ডিয়ান’ পত্রিকার প্রতিবেদনে? লিখেছেন ইমতিয়ার শামীম সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নিতে পারে গত ২১ ডিসেম্বর এ রকম একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ফরেন পলিসির অনলাইন সংস্করণে, জোসেফ অলচিনের ‘দ্য মিডলাইফ ক্রাইসিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে। সত্যিই কি এমন কিছু ঘটবে? বাংলাদেশের রাজনীতিকে যেসব ঘটনা, সংশয় ও গুঞ্জন অস্বচ্ছ করে রেখেছে, রাজনীতি সম্পর্কে আমাদের অন্ধকারে রেখেছে, সেসবের তালিকায় সর্বশেষ সংযোজন এই গুঞ্জনভিত্তিক প্রতিবেদন। আর সে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে ফরেন পলিসির মতো গুরুত্বপূর্ণ দ্বি-মাসিক পত্রিকার ওয়েবসাইটে। এ রকম একটি নয়, অসংখ্য গুঞ্জন ও অপপ্রচার অস্বচ্ছ ও অস্পষ্ট করে রেখেছে আমাদের রাজনীতিকে। দিন আনি দিন খাই মানুষদের কাছে এখন তাই একটি বড় প্রশ্ন, আমাদের এ রাজনীতির গন্তব্য কোথায়? রাজনীতি নিঃসন্দেহে গতিশীল ও প্রবহমান, কিন্তু তার তো একটি গতিমুখ থাকে, লক্ষ্য থাকে। কিন্তু তেমন কিছু কি আছে চলমান রাজনীতির? অনেক উত্তর দেয়া যাবে এই প্রশ্নের, কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাব, সেসব উত্তরও প্রশ্ন হয়ে ছুটে আসছে আমাদের দিকে। এই রাজনীতি কি চায় আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে যেতে? তা হলে সাংবিধানিকভাবে সংসদীয় গণতন্ত্রের দেশ হলেও এ দেশের রাজনৈতিক দলগুলো কেন নিষ্ক্রিয় করে রেখেছে জাতীয় সংসদকে? এই রাজনীতি কি চায় আমাদের জীবনযাপনের নিরাপত্তাব্যূহ তৈরি করতে? তা হলে কেন বিশ্বজিতের মতো জীবন ঝরে যায় রাজপথে? এই রাজনীতি কি চায় আমাদের ব্যক্তি ও বাকস্বাধীনতা দিতে? সঙ্গতকারণেই প্রশ্ন উঠবে, আমাদের রাষ্ট্র কি আদৌ বোঝে ব্যক্তির স্বাধীনতা, বাকস্বাধীনতা? আর আমরাইবা কতটুকু প্রস্তুত রয়েছি দায়িত্বশীলতার সঙ্গে ব্যক্তির ও বাকস্বাধীনতার অনুশীলন করতে? এই রাজনীতি কি চায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে? তা হলে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কেন এত সমালোচনা, কেনইবা এত ষড়যন্ত্র? এই রাজনীতি কি চায় সবার অন্ন-বস্ত্র-শিক্ষার অধিকার নিশ্চিত করতে? তা হলে কেন তাদের রাজনৈতিক কার্যক্রমে, কর্মসূচিতে কোনো প্রতিফলন নেই সেসবের? প্রধান রাজনৈতিক কোনো দল একটি হরতালও কি করেছে খাদ্য সঙ্কট কিংবা দ্রব্যমূল্যের ক্রমবৃদ্ধি নিয়ে? এ রকম অনেক প্রশ্নই আমরা করতে পারি। আর সেসবের উত্তরের জের ধরে আমাদের মনে দেখা দেয় আরো অজস্র প্রশ্ন। যদিও এক অর্থে বলতে গেলে, এসব প্রশ্ন এবং উত্তরও হয়তো অর্থহীন; কেননা যেসব রাজনৈতিক দল আমাদের জনগণের জীবনকে বিপন্ন করে তুলেছেন, রাজনীতিকে অস্বচ্ছ করে তুলেছেন, তাদের রাজনৈতিক কর্মকা- নিয়ে তাদের দিক থেকে কোনো অস্পষ্টতা নেই এক পক্ষ চাইছে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে থাকতে, আরেক পক্ষ চাইছে রাষ্ট্রক্ষমতার দখল নিতে। রাষ্ট্রক্ষমতাকে ধরে রাখার জন্য সরকারি দল বিচার বিভাগীয় রায়েরও দলীয়করণ ঘটিয়েছে এবং এর মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ভুল বোঝার সুযোগ তৈরি করে দিয়েছে। যেমন, বিচার বিভাগের রায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপক্ষে গেলেও চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ ব্যবস্থার উপযোগিতাকে বিবেচনায় এনে আরো দুটি টার্মের নির্বাচন এই সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠান করার পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সে পরামর্শ উপেক্ষা করা হয়েছে। ফলে কেবল রাজনৈতিক দ্বন্দ্বই বাড়েনি, ভুল বোঝাবুঝিই বাড়েনি, জনমানসের অনুভূতিও আঘাত পেয়েছেÑজনগণ যে এ ধরনের সিদ্ধান্তের জন্য প্রস্তুত নয়, সরকার তা এখনো অনুমান করতে পারছে না। সরকার এবং বিরোধী রাজনৈতিক দলগুলো যদি রাজনৈতিক ও গণতান্ত্রিক অনুশীলনকে অব্যাহত রাখত, একদিকে জাতীয় সংসদকে কার্যকর রাখত, অন্যদিকে ব্যক্তি ও বাকস্বাধীনতার পরিধি সৃষ্টি করার মধ্য দিয়ে সংসদ বহির্ভূত ছোট ছোট রাজনৈতিক দলের ও শ্রমিক, কৃষক, ছাত্র, নারী সংগঠনসহ বিভিন্ন নাগরিক সংগঠনগুলোর মতপ্রকাশ ও প্রচারের ক্ষেত্র তৈরি করে দিত, তা হলে জনগণের পক্ষ থেকেই রাজনৈতিক অবিশ্বাসের বহির্প্রকাশক এ ব্যবস্থাটি তুলে নেয়ার দাবি উঠে আসত। কিন্তু সরকারি দল তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে তড়িঘড়ি করে একটি সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থাটির বিলোপ ঘটিয়েছে। অথচ বহাল রেখেছে এমন সব ব্যবস্থার, যা সংবিধান থেকে তুলে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায়ও সেই দাবির পক্ষে রয়েছে। এমন একটি দাবি হলো, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম আইন তুলে দেয়ার দাবি। সর্বোচ্চ আদালতের রায় খ-িতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের এই প্রবণতা সরকারকে গভীরতর রাজনৈতিক সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি ও তার রাজনৈতিক সহযোগী জামায়াত চাইছে, রাষ্ট্রক্ষমতায় যেতে। সাধারণভাবে এ চাওয়ায়ও কোনো দোষ নেই। কিন্তু মুশকিলটি হলো এখানেই যে, রাষ্ট্রক্ষমতায় গিয়ে তারা এমন কোনো কিছু কি করতে পারবে, যার মধ্য দিয়ে প্রমাণ করা যায়, তারা আসলে জনগণের সঙ্গেই আছে? তারা কি পারবে বর্তমান সরকার শিক্ষানীতিতে যেসব সীমাবদ্ধতা রেখেছে, যেমন, প্রাথমিক পর্যায়েই একাধিক ধারার শিক্ষা, সেগুলোকে দূর করতে? পারবে কি মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে কিংবা কওমি মাদ্রাসার শিক্ষার ধারায় পরিবর্তন এনে চলতি সরকারের ব্যর্থতাকে ঢেকে দিতে? যে সরকারি নীতি খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারাকে উৎসাহিত করছে, সে রকম কৃষিবান্ধব নীতিগুলোকে তারা কি পারবে আরো জোরদার করে তুলতে? তারা কি পারবে যে বিপুল পরিমাণ রেমিট্যান্স প্রতিবছর দেশে আসছে সেগুলোকে পরিকল্পিতভাবে উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী ব্যয়খাতে সংযুক্ত করার মধ্য দিয়ে অর্থনীতিকে গতিশীল করতে? কিংবা পারবে কি দেশের বৈদেশিক মুদ্রার শক্তিশালী উৎস গার্মেন্টস খাতকে শ্রমিকবান্ধব ও কর্মবান্ধব করে তুলতে? পারবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে ব্যাংক পরিচালনার পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দিয়ে স্বচ্ছ, দক্ষ ও জনকল্যাণকামী মানুষগুলোকে ওইসব স্থানে অন্তর্ভুক্ত করতে? এ রকম অজস্র প্রশ্ন করা যায়, যেসবের উত্তর আমাদের কারোরই জানা নেই। তাদের এমন কোনো কর্মসূচি নেই, এমন কোনো অতীত নেইÑ যা থেকে আমরা তাদের সম্পর্কে সামান্যতম ইতিবাচক ধারণা পোষণ করতে পারি। সরকারি দল ও প্রধান বিরোধী দলের রাষ্ট্রক্ষমতা দখলের এই স্পষ্ট খেলাই জনগণের সামনে রাজনীতিকে অস্বচ্ছ করে তুলেছেÑ জোসেফ অলচিনদের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে সেনাবাহিনীর ক্ষমতা দখল করার মতো রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করার পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। এবং আমাদের তাই চোখে পড়ছে না, কোনো ভালো খবর, বাংলাদেশের সুসংবাদগুলো। যেমন, গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে প্রকাশিত প্রভাবশালী আন্তর্জাতিক পত্রিকা গার্ডিয়ানের অর্থনীতিবিষয়ক সম্পাদক ল্যারি এলিয়ট এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাওয়ার। তিনি এ প্রতিবেদন লিখেছেন যুক্তরাজ্যভিত্তিক সুপরিচিত আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা প্রাইসওয়াটার হাউস কুপারসের (পিডব্লিউসি) একটি সমীক্ষার ভিত্তিতে। ওই সমীক্ষায় পৃথিবীর বিকাশমান অর্থনৈতিক শক্তিগুলোকে বিশ্লেষণ করে জানানো হয়েছে, বাংলাদেশে অর্থনৈতিক বিকাশের এই ধারা যদি ভবিষ্যতেও অব্যাহত থাকে এবং সামষ্টিক অর্থনীতি ও মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে পরিবর্তন করা যায় তা হলে আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের পক্ষে সম্ভব এমনকি পশ্চিমা রাষ্ট্রগুলোর অর্থনীতিকেও অতিক্রম করে এগিয়ে যাওয়া। এ রকম আরো একটি সুসংবাদ আমাদের, যা জানিয়েছে বিশ্বব্যাংকের বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০১৩। এ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। চীন, ব্রাজিল, সিঙ্গাপুর ও তুরস্কের পরেই অবস্থান আমাদের এই দেশের। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নগরায়ণের ফলে গত অর্ধশতাব্দীতে যে উন্নয়ন ঘটেছে, বাংলাদেশের স্থান সেগুলোর তালিকায় প্রথম দিকে। এসব প্রতিবেদনকে হাড়ে হাড়ে বিশ্বাস করতে হবে, আমরা সে রকম মনে করি না কিংবা এগুলো দেখে উচ্ছ্বসিত হতেও বলি না। তবে বোধকরি এটুকু বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক অর্জনের রূপরেখা সুস্পষ্ট এবং আমাদের রাজনীতি স্বচ্ছ হলে, স্থিতিশীল হলে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব সুস্থির ও প্রাজ্ঞ হলে ওই অর্জনের পথে এগিয়ে যাওয়া কোনো কঠিন ঘটনা নয়। মুশকিল হলো, আমাদের রাজনীতি জনগণের কাছে কেবল অস্বচ্ছ ও অস্পষ্টই নয়, তারও বেশি কিছু। রাজনীতিবিরোধী শক্তি তো আছেই, রাজনৈতিক দলগুলোও রাজনীতিকে একদিকে ভীতিকর করে তুলেছেন, অন্যদিকে ভীতিকর হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। ‘আমি রাজনীতি করি না’ এ কথা বলার অর্থও এক ধরনের রাজনীতি করা এবং তা বলার মধ্য দিয়ে মূলত প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাটিকেই জিইয়ে রাখা হয়Ñ কিন্তু রাজনৈতিক দলগুলো এখন যে ধরনের খেলা খেলছে, তাতে প্রচলিত ব্যবস্থা জিইয়ে রাখার চেয়েও বড় ধরনের একটি সঙ্কট দেখা দিয়েছেÑ আর তা হলো, এমনকি প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সমর্থক ব্যক্তিরাও এ রাজনীতিতে আর নিরাপদ বোধ করছেন না। তারাও শঙ্কিত, এ রাজনীতি তাদের কাছেও বিপজ্জনক খেলা, আগুন নিয়ে খেলা। এ রাজনীতি প্রচলিত রাজনৈতিক ধারার সপক্ষে উচ্চকিত রাজনীতিকদেরও ভীত, সংশয়ী ও সন্দেহযুক্ত করে তুলেছে। সরকার যে একদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন না করার দিকে জোরালো অবস্থান নিয়েছে, অন্যদিকে বিরোধী দল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করার জন্য আন্দোলন করছে এই পরস্পরবিরোধী রাজনৈতিক প্রতিযোগিতাও বোধকরি রাজনীতিকদের ওই ভীতি, সংশয় আর সন্দেহেরই বহির্প্রকাশ। এই পরিস্থিতি হয়তো জনগণের জন্য শাপে বর হয়ে উঠতে পারত, যদি এখানে যাকে বলা হয় বিকল্প রাজনৈতিক শক্তি, তেমন একটি কিছুর ক্রমবিকাশমানতা অব্যাহত থাকত। সরকার ও রাজনীতিবিজ্ঞান বলে, বুর্জোয়াদের এ ধরনের সঙ্কটকালীন অবস্থাই বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ও বিকাশের পথ তৈরি করে দেয়। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, বাংলাদেশের ক্ষেত্রে এ পথেও কোনো বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান এখনো আমাদের চোখে পড়েনি। যারা জনগণকে এক সময় এ ধরনের বিকল্প শক্তির স্বপ্ন দেখাতেন, তাদের কাউকে কাউকে আজকাল আমরা মধ্যরাতের বুদ্ধিজীবী হিসেবে বিভিন্ন টক শোতে দেখছি একেবারে বিপরীত মেরুর কথা বলতেÑ এরা এখন মনে করে জামায়াতে ইসলামী গণতান্ত্রিক শক্তি, জামায়াত-শিবির কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে বাধাগ্রস্ত হলে এরা ব্যথিত হন, যে ভাষায় তারা কথা বলেন তাতে জনগণের পদে পদে মনে হয়, জামায়াতে ইসলামীই বোধকরি পরস্পরবিরোধী সরকার ও প্রধান বিরোধী দলের বিকল্প রাজনৈতিক শক্তি। তারাও যুদ্ধাপরাধীর বিচার চান, ‘তবে’ তারা মনে করেন এ বিচার ‘রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের উদ্দেশ্যে’ করলে চলবে নাÑ যার অর্থ হলো এই, বিএনপি এবং জামায়াতে ইসলামীর খাতায় নাম লেখানো কোনো যুদ্ধাপরাধীর বিচার করা যাবে না, করলে তা ‘রাজনৈতিক দমননীতি’ হয়ে যাবে, ‘অস্বচ্ছ’ হয়ে পড়বে। ইতিমধ্যেই প্রধান রাজনৈতিক দলগুলো তাদের ঈপ্সিত রাজনৈতিক আকাক্সক্ষা পূরণের লক্ষ্যে লাগসই রাজনৈতিক কর্মসূচি ও কার্যক্রম বেছে নিতে শুরু করেছে। এ ক্ষেত্রে অভিযোগ রয়েছে, সরকারি রাজনৈতিক দল দলীয় প্রয়োজনে রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করছে, রাষ্ট্র সম্পর্কে জনগণকে ভীত করে তুলছে এবং এভাবে অস্থিতিশীলতার সৃষ্টি করছে; অন্যদিকে প্রধান বিরোধী দলও অভিযোগমুক্ত নয়, তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো, তারা জাতীয় সংসদকে অকার্যকর করে রেখে রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, অযৌক্তিকভাবে রাজপথে আন্দোলনের পথ বেছে নিয়েছে। সরকারি দল আওয়ামী লীগ নিয়ম রক্ষার জন্য, নির্বাচন কমিশনের নিয়মরক্ষার জন্য আগামী ২৯ ডিসেম্বর নিরুত্তেজ এক কাউন্সিল করতে চলেছে। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে যে আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে না, এ কথা বলার জন্য কোনো তথ্যের বা তত্ত্বের দরকার নেই। এবারও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাই থাকবেনÑ যদিও প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার অনেক আগেই উচিত ছিল দলীয় সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানো। কিন্তু শেখ হাসিনা চার বছরেও সে রকম সিদ্ধান্তে যেতে পারেননি, এমনই তিনি কর্মীপ্রিয় নেতা। সাধারণভাবে একটি রাজনৈতিক দলে কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার আগে বিভিন্ন জেলা ও থানা শাখার কাউন্সিল হওয়ার কথাÑ কিন্তু তেমন করতে গেলে বিভিন্ন স্থানের দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ হয়ে পড়বে, অতএব সে পথে আর পা বাড়ায়নি আওয়ামী লীগের নেতৃত্ব। এই জোড়াতালির কাউন্সিল কি পারবে আওয়ামী লীগকে গতিশীল করে তুলতে? পারবে কি জনগণকে গণতন্ত্রের নির্দেশনা দিতে? গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটেছে, যা জনগণের সামনে প্রধান রাজনৈতিক দলগুলোর রাজনীতি সম্পর্কিত হতাশাকে আরও ঘনীভূত করেছে, তারা আসলে কী চায় সে সম্পর্কে প্রচ- অস্বচ্ছতা তৈরি করেছে। গত সেপ্টেম্বরের ১৩ তারিখে মন্ত্রিসভার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন মানুষকে আশাবাদী করে তুলেছিল, মানুষ প্রত্যাশা করেছিল, তাদের মৌলিক অধিকারগুলোর বাস্তবায়ন না হলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলেও অন্তত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। কিন্তু মানুষের সে প্রত্যাশা পূর্ণ হয়নি। যেমন, সাগর-রুনির হত্যাকা- সম্পর্কে বরং জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, নতুন নতুন হত্যাকা- ঘটেছে, বিশেষ করে বিশ্বজিৎ হত্যাকান্ডের পর জনগণের প্রত্যাশার পূর্ণ মৃত্যু ঘটেছে। প্রবাদ আছে, ‘ভিক্ষা চাই না মা, কুত্তা খ্যাদা’জনগণের অবস্থা এখন তাই, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায় না, তারা চায় ছাত্রলীগের এ রকম দুর্বিনীত দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে যারা, যদিও বলা হচ্ছে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত, অথচ যাদের রক্ষা করার জন্য বিভ্রান্তিকর নানা কথা বলছেন বিভিন্ন মন্ত্রী। অনেকেই মনে করেছিলেন, সরকার হয়তো প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্পকে বাস্তবায়নের জন্য বাস্তবসম্মত পথে এগোবেন, ‘প্রয়োজনে নিজেদের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করা হবে’ প্রধানমন্ত্রীর এ রকম বাগাড়ম্বরের পরও তাই বিশ্বব্যাংকের সঙ্গে একটি সমঝোতার পথ ধরে এগোতে দেখা গিয়েছিল সরকারকে। কিন্তু দুই আবুলকে ছাড় দেয়ার মধ্য দিয়ে পাশাপাশি প্রস্তাবিত পদ্মা সেতু কীভাবে নির্মাণ করা হবে সে প্রসঙ্গে কোনো ভাষ্য না দিয়ে সরকার তার অবস্থানকে অস্বচ্ছ করে তুলেছে। সরকারি দল কি চায় অভিযুক্ত দলীয় রাজনৈতিক নেতাদের রক্ষা করার মধ্য দিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে আরো খানিকটা প্রাতিষ্ঠানিকতা দিতে? দুর্নীতি উন্মোচনের নামে দুদককে সরকারের গায়ে লাগা দুর্গন্ধ দূর করার কাজে ব্যবহার করতে? হলমার্ক কেলেঙ্কারির সূত্র ধরে কয়েকজনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে এমন কয়েকজনকে যাদের রাজনৈতিক প্রোফাইল বেশ ভারী। এ ধরনের কর্মকা-ের মধ্য দিয়ে সরকার তার রাজনীতি সম্পর্কে অস্বচ্ছতার সৃষ্টি করেছে জনমনে। উল্টো দিকে, প্রধান রাজনৈতিক দল বিএনপির রাজনীতিতে দৃশ্যমান দ্বৈততা থেকেও ফুটে উঠেছে অস্বচ্ছতা। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে ভারত সফর করেছেন, যে সফরের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দেয়া কৌতূহল শেষ পর্যন্ত প্রচ- এক কৌতুকে পরিণত হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখছেন, খালেদা জিয়া ও বিএনপির পক্ষ থেকে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য এমন সব প্রতিশ্রুতি ও আশাবাদের কথা জানিয়ে আসা হয়েছে, যা দলটির রাজনৈতিক আদর্শ ও ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আবার ভারত সফর শেষে বাংলাদেশে ফিরে এসেই ১৮ দলীয় ঐক্যজোটের ব্যানারে বিএনপি এমন কিছু রাজনৈতিক ইস্যুতে কর্মসূচি পালন করেছে, যা একদিকে ওই সফরকে তাৎপর্যহীন করে তুলেছে, অন্যদিকে যুদ্ধাপরাধীদের বিচারে জাগ্রত দেশবাসীকে হতবাক ও ক্ষুব্ধ করে তুলেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদলীয় বিভিন্ন নেতা এমন সব কথা বলেছেন এবং সেসব কথার সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রীও এমন কথা বলেছেন, যা কুবাণী চিরন্তনী অভিধানে ঠাঁই পাওয়ার মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জানিয়েছেন, খালেদা জিয়া ভারত গিয়েছিলেন ‘তেল মারতে’। ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথার জবাব দেয়ার চেষ্টা করেছেন এই বলে যে, ‘প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দেয়া আমার মুখে শোভা পায় না। আমার বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরী থাকলে ভালো জবাব দিতে পারতেন।’ আমাদের রাজনৈতিক নেতারা যে কত রকম বিনোদন দিতে পারেন, এসব উক্তি তারই প্রমাণ। রাজনীতিকদের কাছে আমাদের প্রত্যাশা ছিল, তারা জাতীয় সংসদকে কার্যকর করে তুলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা দেয়ার কাজ ত্বরান্বিত করবেন। কিন্তু বাস্তবে সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সংখ্যাগরিষ্ঠতার জোরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার সংবিধানে যে ধরনের পরিবর্তন এনেছে, তা শাসনতান্ত্রিক বা সাংবিধানিক সঙ্কট সৃষ্টির আশঙ্কাও তৈরি করেছে। কেননা, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরও চলতি সংসদ কার্যকর থাকবে। আওয়ামী লীগ গণতন্ত্র চর্চার কথা বললেও তা যে অস্বচ্ছ, এই বিধান তার একটি উদাহরণ। আরও একটি উদাহরণ হলো, নির্বাচন কমিশন থেকে নির্বাচনের ক্ষেত্রে দলীয় বিদ্রোহী প্রার্থীকে নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণার বিধান অনুমোদনের অপচেষ্টা। এমন নয়, জাতীয় সংসদকে কার্যকর করার ক্ষেত্রে বিএনপির ভূমিকা সুস্পষ্ট। বছরের পর বছর ধরে তারা সংসদ বর্জন করছে। আওয়ামী লীগ ও বিএনপির সংসদ প্রতিনিধিরা ডিসেম্বরের প্রথম দিকে দিল্লিতে পার্লামেন্টারি ডায়ালগে অংশ নিতে গিয়েছিলেন এ ধরনের সফর বিএনপির কাছে গ্রহণযোগ্য হলেও সংসদ অধিবেশনকে তারা বর্জন করে আসছে। দিল্লিতে ওই সময় মওদুদ আহমদকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে আপনার দলের সদস্যরা বিভিন্ন স্থানে যাচ্ছে, তাহলে সংসদে যাচ্ছেন না কেন? উত্তরে তিনি তখন জানিয়েছিলেন, সংসদে যাওয়ার বিষয়টি বিএনপি সক্রিয়ভাবে বিবেচনা করছে। কিন্তু এখনও সেই সক্রিয়তার কোনো নমুনা আমরা দেখতে পাইনি। ওই সময় মওদুদ আহমদ এ কথাও বলেছিলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হলেও দল দুটির মধ্যে আদর্শগত কোনো ঐক্যই নেই। জামায়াত একা নির্বাচন করলে দু’তিনটির বেশি আসন পাবে না।’ কিন্তু এর কয়েকদিন পরই জামায়াতে ইসলামী আহূত যুদ্ধাপরাধী বিচারবিরোধী হরতালে নৈতিক সমর্থন দিয়ে বিএনপি প্রমাণ করে, দলটির সঙ্গে তাদের আদর্শগত ঐক্য কত গভীর! আবার এ কাজ করে বিএনপি এত সমালোচিত হয় যে, কয়েকদিন পর তারা মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা দেয়Ñ বিতর্কের ঊর্ধ্বে থাকতে বিএনপি ওই অনুষ্ঠানে আর জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ জানায়নি। তবে ওই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খালেদা জিয়া যখন বলেন, ‘মানচিত্র পাল্টে দেয়ার চক্রান্ত চলছে, মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে হবে’, কিংবা বলেন, ‘কারো আধিপত্য মানব না...দেশ রক্ষায় এবার আরেকটি সংগ্রাম করতে হবে’ তখন শ্রোতাদের বা রাজনৈতিক পর্যবেক্ষকদের বুঝতে সমস্যা হয় না, নৈতিকভাবে অদৃশ্য জামায়াতে ইসলামী বিএনপির ওই সংবর্ধনামঞ্চেই অবস্থান করছে। একই দিন সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়মঞ্চে বক্তব্য দিতে গিয়ে ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল ভারত কোনোদিনও তাদের সমর্থন দেবে না। এটা শুধু আমার কথা নয়। এটা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্য, যা আমি আপনাদের জানিয়ে দিলাম।’ এভাবে খালেদা জিয়ার ভারত সফর যে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তা স্পষ্ট হয়ে ওঠে। সরকারি দল আর প্রধান বিরোধী দল বিএনপির রাজনৈতিক অস্বচ্ছতা ও অস্পষ্টতা বিশেষভাবে দ্রষ্টব্য হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে বাম গণতান্ত্রিক দলগুলোর সাংগঠনিক তৎপরতার কারণে। এতে কোনো সন্দেহ নেই, বাম গণতান্ত্রিক দলগুলোর অবস্থা নব্বইয়ের আন্দোলনের পর থেকেই নাজুক। কিন্তু জনগণের নিত্যদিনের এবং রাজনীতির মৌলিক বিষয়গুলো নিয়ে এদের সাম্প্রতিক সাংগঠনিক কার্যক্রম রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে দ্রষ্টব্য হয়ে উঠেছে তাদের সাংগঠনিক শক্তির কারণে নয়, বরং তাদের উত্থাপিত দাবি দাওয়াগুলোতে মানুষ যেভাবে সাড়া দিয়েছে সেসবের নিরিখে। বাম গণতান্ত্রিক দলগুলোর আহূত হরতাল সফল হওয়ার বাস্তব কোনো কারণ নেই, তাদের সেই সাংগঠনিক ভিত্তিও নেই; কিন্তু তারপরও তাদের আহূত গত ১৮ ডিসেম্বরের হরতাল কেবল সফল হয়নি, বিতর্কেরও জন্ম দিয়েছে। মধ্যরাতের বুদ্ধিজীবীদের কেউ কেউ, যারা আবার এককালে বামদর্শনে আপ্লুত ছিলেন, কিন্তু এখন যারা জামায়াতে ইসলামীকেও গণতান্ত্রিক শক্তির মর্যাদা দিচ্ছেন, তারা ওইদিনই এ হরতালকে তীব্র ভাষায় সমালোচনা করেন। তাদের সমালোচনার অন্যতম একটি প্রধান কারণ হলো, বাম দল এ হরতালে ধর্মভিত্তিক রাজনীতি সুনির্দিষ্টভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে সামনে নিয়ে এসেছে। বাম গণতান্ত্রিক দলগুলোর এই হরতালে সরকারেরও মৌন সমর্থন ছিল বলে তারা মনে করে। এসব বলার মধ্য দিয়ে তারা এ হরতালের স্পিরিটটিকে ভিন্নমুখী করতে চাইছেন, এ হরতালে যে গার্মেন্টস ও পরিবহন শ্রমিকদের একটি শক্তিশালী ভূমিকা ছিল, যুদ্ধাপরাধী বিচারের দাবিতে আন্দোলনকারীদের সর্বাত্মক অংশগ্রহণ ছিল এবং তেল-গ্যাস ও খনিজ-প্রাকৃতিক সম্পদকে জাতীয় স্বার্থে ব্যবহারের দাবিতে আন্দোলনকারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল তা আড়াল করার অপচেষ্টাই করেছেন। এই হরতালকে কেবল সরকারের নিরিখ থেকেই নয়, জনগণের নিরিখ থেকেও দেখতে হবেÑ এই বিষয়টি তারা পাশ কাটিয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলকে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে কার্যক্রম চলছে, তার পরিপ্রেক্ষিতেও এই হরতাল গুরুত্বপূর্ণÑ কেননা তা মার্কিন দূতাবাসকে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে, এ দেশের ব্যাপক জনগণ ধর্মীয় রাজনীতিকে গ্রহণযোগ্য মনে করে না। কিন্তু মধ্যরাতের বুদ্ধিজীবীরা ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে অস্বচ্ছ অবস্থান নিয়ে, বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে রাজনীতিকেই অস্বচ্ছ করে তুলছেন। রাজনীতি অস্বচ্ছ হয়ে পড়েছে, আর তার জন্য দায়ী আমাদের রাজনীতিকরাই, রাজনৈতিক বিশ্লেষকরাই। এখন জনগণের সামনে তাদেরই তা স্বচ্ছ করতে হবে। আমাদের এই দেশটি কি যুদ্ধাপরাধীদের বিচার ও অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে আরও অস্থিরতার দিকে যাবে? নাকি রাজনৈতিক দলগুলো রাষ্ট্র-রাজনীতি ও আন্দোলন পরিচালনার ক্ষেত্রে, জনগণকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে দেশটিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে পশ্চিমা দেশগুলোর চেয়েও উন্নততর পর্যায়ে নিয়ে যাবেন, যেমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে ‘গার্ডিয়ান’ পত্রিকার প্রতিবেদনে? রাজনীতিকদেরই সেই সিদ্ধান্ত নিতে হবেÑ জনগণের সামনে স্বচ্ছতা, জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জনগণ চায় রাজনীতিতে স্বচ্ছতা দেখতে, কেননা রাজনৈতিক স্বচ্ছতাই পারে জনগণের স্বার্থ সংরক্ষণ করতে। কী ভাবছেন রাজনীতিকরা রাজনীতিকদের কাছে সাপ্তাহিক ২০০০-এর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, চলতি রাজনৈতিক পরিস্থিতিকে তারা কোন চোখে দেখছেন? এ অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলোয় রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? এর উত্তরে তারা যা বলেছেন, তা গ্রন্থনা করেছেন আব্দুল্লাহ্ নূহ বদরুদ্দীন উমর সভাপতি, জাতীয় মুক্তি কাউন্সিল বাংলাদেশ এখন আর জনগণের নেই। এটি হয়ে গেছে কারো বাবার, কারো স্বামীর। তারা নিজেদের স্বার্থ হাসিল করতে এমনকি জনগণের রক্ত চুষছে। বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা সরকারি দলের প্রতি জনগণের অনেক আশা-আকাক্সক্ষা ছিল। কিন্তু জনগণকে কোনো তোয়াক্কাই করছে না এরা। এরা যেন রাষ্ট্র পরিচালনা করতে দায়িত্ব পালন করতে আসেনি, এসেছে শাসন করতে, শোষণ করতে। তাদের কারণে দেশ আজ এক পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার জনগণকে ভুলে গিয়ে ক্ষমতায় আসার বিকল্প, অনৈতিক পথগুলোর আশ্রয় অবলম্বন করতে চাচ্ছে, যার প্রমাণস্বরূপ বলতে হয় বিশ্বজিৎ হত্যার ঘটনা, এখানে সরকার বিপুল সংখ্যক জনগণের পক্ষ অবলম্বন না করে ক্ষমতাবান, খুনিদের পক্ষ নিচ্ছে। বলতে হয় ঝালকাঠির লিমনের ওপর র্যাবের আক্রমণের ঘটনা। আবার আমরা দেখলাম সরকার বিজয় দিবসের মতো জাতীয় উৎসবে বিজ্ঞাপন নিল। অর্থাৎ টাকা-পয়সা দিয়ে খুশি করলেন সেনাবাহিনীকে। নিজে তো সরাসরি ঘুষ দিতে পারে না। ঘুষ এভাবে দিল। এসব নোংরামি চলছে এখন। যার ফল বলাবাহুল্য আগামীতে আরো জঘন্য কিছু দেখতে হবে। খুব দুঃখসহকারে বলতে হচ্ছে, দোষ আমাদের সবার অর্থাৎ আমজনতার। কারণ আমরা এগুলো হতে দিচ্ছি। তাই সবাইকে বলছি, ‘আশঙ্কা’ নয়, ‘আশা’ শব্দটিই স্বাভাবিক হয়ে যাবে দুর্দিনের ক্ষেত্রে। আশা করুন এর চেয়ে দুর্দিন যেন না হয়। কিন্তু আমার মনে হয় জনগণের সে আশাও পূরণ হবে না এদেশে। মাহবুব-উল আলম হানিফ যুগ্ম সম্পাদক, আওয়ামী লীগ চলতি রাজনৈতিক পরিস্থিতি অন্যান্য যে কোনো সরকারের শাসনামল থেকে ভালো। কারণ সরকার কঠোরহস্তে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে বদ্ধপরিকর। করছেও তাই। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো আছে। প্রশাসন তৎপর রয়েছে যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য। দু-একটা ঘটনা যা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চেষ্টা করছে তা আসলে বিরোধী দল ও স্বাধীনতাবিরোধীদের অপকর্ম। তবে এদের শক্তিকে ভয় পাওয়ার কিছু নেই। সরকার ভয় পাচ্ছেও না। এসব মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের আছে। তাই এসব অপশক্তিকে পরোয়া না করে আগামী দিনেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। দেশে সামান্য যা সন্ত্রাস, দুর্নীতি রয়েছে তা দমন করবে। ফলে আগামীতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো ভালো হবে। রুহুল কবীর রিজভী যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক, বিএনপি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে এক কথায় বলা যায় নৈরাজ্যকর। এ পরিস্থিতি চলতে থাকলে দেশের ভবিষ্যৎ খুব খারাপ এ কথা বলাবাহুল্য। যে কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো রাখা, দেশকে নৈরাজ্যকর অবস্থা থেকে উদ্ধার করার দায়িত্ব কিন্তু সরকারের। কিন্তু আমাদের সরকার সে কাজটি করছে না। সরকার জনগণকে নৈরাজ্যকর অবস্থা থেকে উদ্ধার করা বা সুরক্ষা দেয়ার বদলে বরং আরো উস্কে দিচ্ছে। যে কারণে বিশ্বজিতের মতো নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো। সরকার যদি দেশকে নৈরাজ্যকর পরিস্থিতিমুক্ত রাখতে পারত তবে বিশ্বজিৎকে এভাবে প্রাণ দিতে হতো না। মুজাহিদুল ইসলাম সেলিম সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে একটা কথাই বলতে পারি, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ বলে আর মনে হয় না। একটা গণতান্ত্রিক দেশে জনগণের শাসন থাকে, জনগণের অধিকার থাকে। জনগণ হয় সব ক্ষমতার মালিক। কিন্তু বর্তমানে জনগণ সবচেয়ে অসহায় অবস্থায় দিনযাপন করছে। রাস্তায় বের হলে প্রাণ হাতে নিয়ে বের হতে হয়। পুলিশকে সবচেয়ে বেশি ভয় হয়। পুলিশের আচরণও গায়ে পড়া। তাছাড়া সরকারি দলের কর্মীদের হাতে পড়লে তো চাপাতি, রড, লগি-বৈঠার আঘাতে অপঘাতে প্রাণ যেতেই পারে। তাতে আবার কোনো বিচার হবে না। এমনটি একটা গণতান্ত্রিক দেশে প্রত্যাশিত নয়। এ অবস্থা চলতে থাকলে একটা কথাই বলতে পারি, আগামীতে দেশটা কয়েকজন রাজনীতিবিদের হাতে চলে যাবে। এদের রাজনীতিবিদ না বলে বলা উচিত ব্যবসায়ী। ব্যবসায়ীদের হাতে দেশ চলে যাবে। লোক দেখানো হানাহানি-মারামারি হবে। কিন্তু তাতেও ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। সব হারিয়ে সাধারণ মানুষ বসে বসে আঙুল চুষবে। এই হবে আগামীদিনের অবস্থা। খালেকুজ্জামান সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ক্ষমতাসীন ও ক্ষমতাবহির্ভূত প্রধান দুই বুর্জোয়া দল অধিকতর ঘোলাটে করেই ক্ষান্ত হচ্ছে না, ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে বিতর্কের নতুন নতুন মাত্রা যোগ করে চলেছে। ক্ষমতাসীনরা ক্ষমতা ছাড়ার ঝুঁকি নেবেন না আর ক্ষমতার বাইরের প্রধান দল আরও এক দফা ক্ষমতার বাইরে থেকে শুকিয়ে মরার কিংবা অঙ্গহানির ঝুঁকি নেবেন না। ফলে উভয়ের যাত্রা গণতান্ত্রিক সহনশীলতার মাত্রা অতিক্রম করে ব্যাপক পরিসরে সাংঘর্ষিক রূপ পরিগ্রহ করতে চলেছে। যে সমঝোতা প্রচেষ্টা এখন চলছে তা গোঁজামিলের ঊর্ধ্বে উঠতে পারবে না। কোনোভাবে তা করা গেলেও তা হবে বৃহত্তর সংঘর্ষের শান্তিপূর্ণ সূচনা মাত্র। অতটুকুও ব্যর্থ হলে নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের সব সম্ভাবনা বিলুপ্ত হবে। এ পরিস্থিতিতে নিয়ন্ত্রণমূলক ভারসাম্য আনতে হলে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা হ্রাস করতে হলে বাম কেন্দ্রিক উদারনৈতিক দেশপ্রেমিক গণতান্ত্রিক সব শক্তি সমতালে অগ্রসর হয়ে দ্বি-দলীয় বৃত্তের বাইরে বিকল্প শক্তি ও সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে। সাইফুল হক সভাপতি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বর্তমানের রাজনৈতিক পরিস্থিতিকে মোটেই ভালো বলা যায় না। এ অবস্থা চলতে থাকলে জাতির কপালে দুঃখ আছে তা বলাবাহুল্য। এখানে এখন নিজ নিজ জায়গা থেকে মহাজোট যদি ভালো কোনো উদ্যোগ না নেয় তবে মানুষ ভবিষ্যতে বিপদের আশঙ্কামুক্ত হতে পারে না। আমাদের দেশে রাজনীতির পুরো ব্যাপারটাই হয়ে গেছে ব্যবসার মতো। এখানে রাষ্ট্র পরিচালনার জন্য আসাকে দায়িত্ব মনে করা হচ্ছে না। মনে করা হচ্ছে ক্ষমতা। এই পাঁচ বছর আমার একচ্ছত্র আধিপত্য। এখানে যা খুশি করতে পারি। হচ্ছেও তাই। এই চিন্তা-সংস্কৃতি দূর করতে হবে। না হলে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। মানুষের মনে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক সঙ্কট তো কোনো টেকনিক্যাল বিষয় নয়, বিষয়টি রাজনৈতিক। তাই আমার মনে হয় যারা এ সঙ্কটের জন্য দায়ী তারা আলাপ-আলোচনার মধ্য দিয়ে এর একটা সমাধান বের করতে পারেন। না হলে সম্ভাব্য কোনো অসাংবিধানিক শক্তির হস্তক্ষেপের আশংকা রয়েছে। তবে এখানে একটা কথা বলতে চাই, যারা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের ওপর আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের দেশে রাজনৈতিক, গণতান্ত্রিক ধারার বাইরে কোনো ধারা জনগণ গ্রহণ করেনি। আরেকটা বিষয় নিয়ে এখানে একটু বলতে চাই, যেটা জাতীয় দাবি। তা হলো যুদ্ধাপরাধের বিচার। কিন্তু এটাকে বিশেষ দলীয় স্বার্থের বাইরে এসে যে দক্ষতার মাধ্যমে সম্পন্ন করার কথা ছিল তা আজো দেখতে পাচ্ছি না। আমরা প্রতীকী কোনো বিচার দেখতে চাই না। আমরা চাই দোষীদের সত্যিকারের সাজা মিলুক। সময় চলে যাচ্ছে, তবু আগামী বছরের মধ্যে এটা শেষ করার যে কথা বলা হচ্ছে তা যেন সত্যিকার অর্থেই করা হয়। আগামী তিন-চার মাস বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ের মধ্যে রায়টা কার্যকর হলে ভালো হয়। সরকার জনগণের আস্থা তাতে কিছুটা অর্জন করতে পারবে বলে মনে হয়। জোনায়েদ সাকি প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মতো বাজে অবস্থা ইতিপূর্বে আর কখনো হয়নি। এখানে ক্ষমতাসীন দল বলেন আর বিরোধী দল বলেন, কারো কাজ দেখে মনে হচ্ছে না তারা জনগণের জন্য কাজ করছে বা জনগণের জন্য কাজ করে। তারা কেউ কখনো বলছে না কে কতটা জনগণের জন্য কাজ করছে বা জনগণের জন্য কাজ করবে। তারা কখনো মঙ্গলজনক কোনো কাজের কথা বলে না। তাদের মুখ থেকে ভালো কোনো কথা বের হয় না। রাজনীতিবিদ হিসেবে তারা যখনই কোনো বক্তব্য দেন জনসম্মুখে, তাতে থাকে কেবল বিষোদ্গার। তারা জনগণকে কেবল শেখায় প্রতিহিংসা, অশুভ আচরণ, অশুভ শব্দ উচ্চারণ, অশুভ চিন্তা করা। এগুলো কোনো জাতির জন্যই ভালো লক্ষণ নয়। এমনটি চলবে না বলে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। কাজেই বলতে হয়, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এর ফলে আগামীতে আমরা একটা বিকলাঙ্গ জাতি দেখতে পাব। যে জাতি হবে অন্ধ, বধির, খোঁড়া। তাদের চলার পথ হবে অন্ধকার। যেমনটি শেখাচ্ছেন আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনীতিবিদরা, তেমনটিই প্রতিফল পাব আমরা।
বিভাগ: প্রচ্ছদ



