আয়োজন
ঐতিহ্য গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০১১ সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র অর্ঘ দত্ত জিতে নিয়েছে ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা ২০১১-এর সেরা গল্পকারের পুরস্কার। গত ২২ ডিসেম্বর বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে পুরস্কার দেয়া হয়। প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং দৈনিক প্রথম আলোর উদ্যোগে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। তিন গ্রুপে এ প্রতিযোগিতায় এবার অংশ নিয়েছিল দেশের ৮ হাজার ৭শ ৭৮ জন প্রতিযোগী। তাদের মধ্য থেকে বাছাই করে ১৮৫ জনকে পুরস্কৃত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। আরো উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রতিযোগিতার বিচারকম-লীর সভাপতি কাইজার চৌধুরী ও ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম, কথাসাহিত্যিক আনিসুল হক, অভিনেত্রী ঈশিতা ও আমার বন্ধু রাশেদ খ্যাত অভিনেতা আফনান। ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ২০০৫ সাল থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের উৎসাহিত করতেই ঐতিহ্য প্রথম আলোর সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এক ক্ষুদে বাংলাদেশির নেতৃত্বে স্যান্ডি ফান্ডে ১ হাজার ডলার প্রদান সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত ক্ষুদে মার্কিনি নোশিন খানের নেতৃত্বে সে দেশের লং আইল্যান্ডের সেন্ট্রাল আইস্লিপ সিনিয়র হাই স্কুল রেডক্রস ক্লাব আমেরিকান রেডক্রসের স্যান্ডি রিলিফ ফান্ডে ১ হাজার ডলার প্রদান করে। এ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের সংগৃহীত এক হাজার ডলারের চেক ছাড়াও হারিকেন স্যান্ডিতে ক্ষতিগ্রস্তদের জন্য ৫০টি কম্বল, শ্যাম্পু ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। আমেরিকান রেডক্রসের প্রতিনিধি দোহা আলী স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সহায়তা গ্রহণ করেন এবং এই অসাধারণ উদ্যোগের প্রশংসা করেন। ১০ দিনব্যাপী বদরুদ্দীন উমরের বই উৎসব শুরু দেশের প্রখ্যাত লেখক বদরুদ্দীন উমরের ৮১তম জন্মদিন উপলক্ষে ১০ দিনব্যাপী তার লেখা বই নিয়ে উৎসবের আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী। গত ২০ ডিসেম্বর শ্রাবণ প্রকাশনীর কার্যালয়ে এই বই উৎসবের উদ্বোধন ও শ্রাবণ প্রকাশনী থেকে প্রকাশিত বদরুদ্দীন উমরের রচনা সংগ্রহ দ্বিতীয় খন্ডের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক, সাংবাদিক আবু সাঈদ খান। বদরুদ্দীন উমর বই উৎসবে তার লেখা রচনা সংগ্রহ দুই খ-সহ প্রায় ৪০টি বই পাওয়া যাবে। দৃকে শুরু হলো ফটোফি আয়োজিত ‘সৃষ্টি-সুখের উল্লাস’ রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হলো বাংলাদেশের প্রথম ফাইন-আর্ট ফটোগ্রাফি সংগঠন ফটোফি আয়োজিত তিন দিনব্যাপী ফটোগ্রাফি উৎসব। ২৫ ডিসেম্বর বিকেলে ‘সৃষ্টি-সুখের উল্লাস’ শীর্ষক এই বার্ষিক উৎসবের উদ্বোধন করেন বরেণ্য আলোকচিত্রী নাসির আলী মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মঈনুল আহসান সাবের প্রমুখ। উদ্বোধনের পর আধুনিকতম কবি আহসান হাবীবের কবিতা অবলম্বনে প্রকাশিত ‘মেঘ বলে চৈত্রে যাবো’ ফটো-অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। তারপর গুণীজন সম্মাননা পর্বে আলোকচিত্রকলার বরেণ্য শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে সংগঠনটির অসংখ্য সদস্যের পক্ষ থেকে ‘আলোকচিত্রাধ্যক্ষ’ উপাধিতে সম্মানিত করা হয়। তার হাতে সার্টিফিকেট এবং ৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এরপর উপস্থিত অতিথিরা ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। শেল্টেক্ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘সৃষ্টি-সুখের উল্লাস’ উৎসব চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিশেষ আকর্ষণ হিসেবে উৎসবজুড়ে গ্যালারিতে থাকছে ফটোফি প্রকাশিত ফটোগ্রাফিবিষয়ক বিভিন্ন বইয়ের বিক্রয়কেন্দ্র এবং সমাপনী দিনে থাকছে ব্যতিক্রমধর্মী উন্মুক্ত কর্মশালা।
বিভাগ: বিবিধ



