banner ad

স্টিভ জবসের স্বপ্নের ভেনাস

অ্যাপল কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর এক বছর পর জলে ভাসল তার স্বপ্নের বিলাসবহুল প্রমোদতরী ‘ভেনাস’। দেখতে অনেকটা বিশাল আইকনের মতো এটি। কিন্তু স্বপ্নের এই প্রমোদতরীটি দেখে যেতে পারেননি প্রযুক্তি-দুনিয়ার অনত্যম পথিকৃৎ স্টিভ জবস। দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক এই প্রমোদতরীটির নকশা করেছেন ফরাসি ডিজাইনার ফিলিপ স্টার্ক। প্রমোদতরীটি নেদারল্যান্ডসের একটি খাঁড়িতে ৩০ অক্টোবর জলে ভাসানো হয়। ২শ ৫৬ ফুট লম্বা এই প্রমোদতরীর পুরোটাই অ্যালুমিনিয়ামে তৈরি। ২০০৭ সালে স্টার্ককে জবস এটি ডিজাইনের দায়িত্ব দেন। ভেনাসের অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে অ্যাপল উদ্ভাবিত অত্যাধুনিক সব প্রযুক্তি।

 

 

 

সাড়ে চারশ বছর আগের রাজপুত্রের সমাধি

 

মিসরের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য। প্রায়ই চমকপ্রদ সব রহস্য উন্মোচিত হচ্ছে প্রত্নতাত্তিকদের সামনে। এবার কায়রোর কাছেই আবিষ্কৃত হলো এক রাজপুত্রের সমাধি। সঙ্গে পাওয়া গেছে আরো চারটি কবর। প্যারাগুয়ের চার্লস বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত ‘চেক ইনস্টিটিউট অব ইজিপ্টোলজি’-এর একটি বিশেষজ্ঞ দল আবু সির অঞ্চলে এই সমাধির সন্ধান পেয়েছেন। তাদের দাবি, সমাধিটি কমপক্ষে আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দে তৈরি করা হয়েছিল। এখানে শার্ত নেবতি নামের এক রাজপুত্রকে সমাধিস্থ করা হয়েছিল। সমাধিস্থলে চারটি চুনাপাথরের স্তম্ভবিশিষ্ট একটি করিডোর রয়েছে। করিডোরের মাঝেই রয়েছে চারটি পাথরের শবাধার। শবাধারে দুজন পুরুষ ও একজন নারীর ভাস্কর্য খোদাই করা আছে।

 

 

 

চুরি করে বেড়াচ্ছেন মিট রমনি!

 

পাটনা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রধান ডা. সুশীল কুমার বর্মা তার প্রায় সাড়ে ৩ লাখ রুপি চুরি হওয়ার অভিযোগ করেছেন। এমন ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু সুশীলের অভিযোগ ভারতের বিভিন্ন পত্রিকায় গুরুত্ব পেয়েছে। কারণ এই বিশেষজ্ঞ-চিকিৎসক পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, গত ১০ অক্টোবর সাইবার চোররা তার অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির নির্বাচনী তহবিলে দিয়ে দিয়েছে। তিনি জানিয়েছেন, বিস্তারিত জানতেই তার এতদিন সময় লেগেছে।

 

 

 

৩ আঙুলের ব্যাঙ

 

দক্ষিণ ব্রাজিলের আটলান্টিক রেইনফরেস্টে (সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ফুট উঁচু) এই অদ্ভুত প্রজাতির সন্ধান পেয়েছিলেন জীববিজ্ঞানী মিশেল গেরি। নতুন হলেও প্রাণীটি আমাদের চিরচেনা; এটি আসলে ছোট প্রজাতির ব্যাঙ। এর বৈজ্ঞানিক নাম- brachycephalus tridactylus । ২০০৭ সালে আবিষ্কৃত হলেও এটি যে একেবারেই নতুন প্রজাতি তা এবারই প্রমাণিত হলো। এই প্রজাতির ব্যাঙের বৈশিষ্ট্য হলো, এদের প্রতি পায়ে ৩টি করে আঙুল রয়েছে। একটি ব্যাঙ দেড় সেন্টিমিটারের বেশি বড় হয় না। এদের গায়ের রং সাধারণত কমলা।

 

 

 

নতুন ইতিহাস রিয়ংইয়াং

 

উত্তর কোরিয়া তাদের পিরামিড আকৃতির ১শ ৫ তলাবিশিষ্ট রিয়ংইয়াং হোটেল উদ্বোধন করার প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের মাঝামাঝি এই হোটেলটি উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল হোটেল প্রতিষ্ঠান কেমপিনস্কি এজি কর্তৃপক্ষ। ১৯৮৭ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় উত্তর কোরিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ফলে দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। হোটেলটি হবে ৩শ ৩০ ফুট লম্বা এবং ৫৯ ফুট চওড়া। সর্বোচ্চ ভবনের তালিকায় এটি রয়েছে ৪৭তম স্থানে। কিন্তু সবচেয়ে বেশি তলার ভবন হিসেবে এটি রয়েছে ৫ম স্থানে। রাজধানী পিয়ংইয়ংয়ে নির্মীয়মাণ এই ভবনের মতো বিশাল স্থাপনা পুরো উত্তর কোরিয়ায় আর একটিও নেই।

 

 

বিভাগ: ফিচার

RSSকমেন্টস (0)

Trackback URL

আপনার মন্তব্য



ওয়েব সাইট

আপনার কমেন্টের সাথে যদি ছবি প্রকাশ করতে চান, এখান থেকে ছবি সংগ্রহ করুন.