নিত্যদিনের নিয়মকানুন ফারজানা তিথী
জোরে কথা বলা, অসাবধানে হাঁটা, যেখানে-সেখানে ময়লা বা থুথু ফেলা পাবলিক প্লেসে এসব করা একেবারেই উচিত নয়। কোথায় কীভাবে চলাফেরা করবেন, কোন জায়গায় কী ধরনের সৌজন্য বজায় রাখবেন, কী ধরনের আচরণ করবেন তার ওপর নির্ভর করে আপনার
ভদ্রতা আর রুচির পরিচয়। তাই একজন সচেতন মানুষ হিসেবে যে কোনো পাবলিক প্লেসে ভদ্রতা বজায় রাখতে আপনার কিছু ব্যাপারে জ্ঞান থাকা জরুরি। এ সম্পর্কে জেনে নিন এবারের লাইফস্টাইলে।
বাসে, ট্রেনে বা অন্য কোনো যানবাহনে চড়ার সময় ধাক্কাধাক্কি করবেন না। নিজের সুযোগের জন্য অপেক্ষা করুন। টিকেট কাটার সময় লাইন ভাঙার চেষ্টা করবেন না। মনে রাখবেন বাকিরাও আপনার মতো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বাসে, ট্রেনে বা অন্য কোনো
যানবাহনে উঠেই দরজার কাছে দাঁড়িয়ে যাবেন না। এতে পরবর্তী স্টেশন বা স্টপেজ থেকে যারা উঠবেন তাদের অসুবিধা হবে। এতে বেশি চাপাচাপি হওয়ারও আশঙ্কা থাকে। বাসে বসার জায়গা না পেলে ঝামেলা করবেন না। মহিলা সিটে হেলান দিয়ে দাঁড়াবেন না। কোনো
সিট খালি হলে যে সামনে দাঁড়িয়ে থাকবে তাকেই বসতে দিন। ধাক্কা দিয়ে নিজে বসে পড়বেন না। বসার জায়গা না থাকলে এবং কোনো বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে নিজের সিট ছেড়ে দিন। সিটে বসে ঘুমিয়ে পড়াটা অভদ্রতা। এসব জায়গায়
আইপড বা মোবাইলে গান শুনলে ভলিউম কম রাখুন। ইয়ারফোন ব্যবহার করুন। ফোনে বা সহযাত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে চিৎকার করবেন না। আস্তে আস্তে কথা বলুন বা পরে ফোন করে নিন। নিজেদের মধ্যে উচ্চস্বরে কথা অন্য যাত্রীদের বিরক্তির উদ্রেক করতে
পারে। আপনার ব্যাগ বা মালামাল নিজের কাছেই রাখুন। সিটের ওপর ব্যাগ রেখে জায়গা নষ্ট করবেন না।
কোনো ফরমাল রেস্টুরেন্ট বা হোটেলে গেলে আগে থেকে রিজার্ভেশন করে নিন। যদি পৌঁছতে ১৫ মিনিটের বেশি দেরি হয়, তাহলে আগে থেকেই জানিয়ে দিন। রেস্টুরেন্টে জোরে জোরে কথা বলবেন না। হতে পারে আপনি অনেকের সঙ্গে এসেছেন এবং স্বাভাবিকভাবেই হাসি-ঠাট্টা
হবে, কিন্তু মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনি ছাড়াও রেস্টুরেন্টে অনেকেই আছেন যারা আপনার ব্যবহারে বিরক্ত হতে পারেন। পরিবারের অনেকে মিলে খেতে গেলে খাবারের অর্ডার দেয়ার সময় সবার মতামত নিন। নিজের পছন্দ কারো ওপর চাপিয়ে
দেয়া ভালো নয়। খাবার দিতে দেরি হলে চিৎকার-চেঁচামেচি করবেন না। ওয়েটারকে ডেকে ভদ্রভাবে কারণ জিজ্ঞাসা করুন। খাবার দেয়ার সঙ্গে সঙ্গে হামলে পড়বেন না। সবার সঙ্গে খাওয়া শুরু করুন। নিজে খাবার নেয়ার পর অবশ্যই পাশের জনের দিকে খাবার এগিয়ে
দিন। ওয়েটারদের সঙ্গে ভদ্র ব্যবহার করুন। খাবার সার্ভ করার পর ওয়েটারদের ধন্যবাদ জানাতে ভুলবেন না।
রাস্তায় খাবারের প্যাকেট, প্লাস্টিক বা অন্যান্য জিনিস ফেলে নোংরা করবেন না। রাস্তায় কারো সঙ্গে বাগবিতণ্ডা হলে খারাপ শব্দ ব্যবহার করবেন না। পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার সময় কাশি বা হাঁচি এলে মুখে রুমাল রাখুন। বাসের জানালা দিয়ে কিছু ছুড়ে ফেলা
বা থুথু ফেলা একদম উচিত নয়। রাস্তায় কেউ সাহায্য চাইলে তাকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করুন।
বিভাগ: লাইফস্টাইল



