চিকেনের মজাদার চার রেসিপি
রামুরগির মাংসের ভিন্ন ভিন্ন পদ যা আপনার রুচির পরিবর্তন করবে। অতিথি আপ্যায়নে বা বিশেষ দিনে তৈরি করুন। ইফতারেও মানানসই এই রেসিপিগুলো
সিজলিং বারবিকিউ ফিলে
উপকরণ
মুরগির ফিলে ২৫০ গ্রাম, লবণ ও সাদা গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো, টমেটো পিউরি, পেঁয়াজ কুচি ১ কাপ করে; ডিমের কুসুম ২টি, উস্টার সস, মধু, কালো গোলমরিচ গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি ১ টেবিল চামচ করে সয়াসস আধা টেবিল চামচ, তেল পরিমাণমতো।
প্রণালী
লবণ, উস্টার সস, সাদা গোলমরিচ গুঁড়ো, টমেটো পিউরি, ডিমের কুসুম, মধু, কালো গোলমরিচ গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি সসের সঙ্গে ভালোভাবে মেশান। এতে মুরগির ফিলে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। তাওয়ায় তেল গরম করে মুরগির ফিলে ভালো করে ভাজুন। আরেক দিকে সিজলার প্লেট গরম করে এতে সামান্য তেল ও কুচি পেঁয়াজ দিন। গরম সিজলার প্লেটে মুরগির ফিলে দিয়ে পরিবেশন করুন।
ফ্রায়েড সেসমি চিকেন
উপকরণ
মুরগির মাংস ৮ পিস, টমেটো কেচাপ ৩ টেবিল চামচ, উস্টার সস ১ টেবিল চামচ, সয়াসস দেড় চা-চামচ, সাদা গোলমরিচ, গোলমরিচ, আধা চা-চামচ করে; ডিম ১টি, তিল ৩ টেবিল চামচ, ময়দা আধা কাপ, তেল ও লবণ পরিমাণমতো।
প্রণালী
মাংস ধুয়ে ভালো করে মুছে নিন। মাংসের টুকরোর ওপরে দু-এক জায়গায় অল্প করে চিরে নিন। টমেটো কেচাপ, উস্টার সস, সয়াসস, লবণ, গোলমরিচ, সাদা মরিচ দিয়ে ১-২ ঘণ্টা মাংস ম্যারিনেট করুন। ময়দা ও তিলক একসঙ্গে মেশান। ফেটানো ডিমে মাংসের টুকরো ডুবিয়ে ময়দা মেখে তেলে কড়া করে ভাজুন।
জাফরানি রেশমি কাবাব
উপকরণ
মুরগির বুকের মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ-রসুন বাটা ৩০ গ্রাম, লেবুর রস ২০ মিলি, কাঁচামরিচ বাটা ১৫ গ্রাম, চিজ ১০০ গ্রাম, টকদই ২০০ গ্রাম, শুকনো মরিচ গুঁড়ো ২৫ গ্রাম, জাফরান ১ গ্রাম, তেল ও লবণ পরিমাণমতো।
প্রণালী
মুরগির টুকরো ভালো করে ধুয়ে চৌকো করে কাটুন। এতে পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, লেবুর রস ও লবণ দিয়ে ভালোভাবে মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। ফেটানো টকদই, শুকনো মরিচ গুঁড়ো, জাফরান তেল ও লবণ মিশিয়ে এতে মুরগির টুকরোগুলো দিয়ে গ্রিল করুন ১০-২০ মিনিট। এরপর চাটনির সঙ্গে পরিবেশন করুন।
জাম্বো রোল
উপকরণ
ময়দা দেড়কাপ, চাল গুঁড়ো ২ চা-চামচ, লবণ পরিমাণমতো।
পুর : সেদ্ধ মুরগির কিমা, সেদ্ধ নুডলস, গাজর কুচি ১ কাপ করে; বাঁধাকপি আধা কাপ, পেঁয়াজ কুচি ১টি, ক্যাপসিকাম ১টি, কাঁচামরিচ কুচি ৫-৬টি, সয়াসস ২ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, রসুন কুচি কর্নফ্লাওয়ার ১ চা-চামচ করে; তেল ও লবণ পরিমাণমতো।
প্রণালী
অল্প পানি দিয়ে লবণ, চালের গুঁড়ো মেখে ১৫ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে রসুন ও পেঁয়াজ দিন। বাকি সব উপকরণ একসঙ্গে দিন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করুন। হালকা লবণ ছিটান। মাখা ময়দা দিয়ে দুটি গোলা করুন। রুটি বেলে পুর দিয়ে বড় সাইজের রোল তৈরি করুন। এরপর তেলে ভাজুন।
বিভাগ: রান্না



