banner ad

ঈদ শপিং গাইড
ফারজানা তিথী

ঈদের কেনাকাটা যেমন আনন্দের তেমন ঝক্কিরও বটে। ঈদ বাজারে কেনাকাটা করতে গিয়ে হিমশিম খান না এমন লোক খুব কমই আছে। সেখানে দেখেশুনে না কিনে তাড়াহুড়া করলেই বিপদ। কিছু না কিছু ভুল হয়েই যায়। তাই শপিংয়ে যাওয়ার আগে কিছু কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। ঝামেলা এড়াতে প্রথমেই দরকার একটি বাজেট এবং কেনাকাটার লিস্ট। পরিবার, আত্মীয়স্বজন আর জাকাতের কাপড় আলাদা দিনে কিনতে যাওয়াই ভালো। একদিনে তিন-চার মার্কেটের বেশি ঘুরবেন না। একই এলাকার শপিংমলগুলো একদিনে ঘুরে ফেলুন। হাতে বেশি করে সময় নিয়ে সকাল সকাল শপিংয়ে যাওয়াটাই সুবিধাজনক। পণ্য কিনে দাম দেয়ার সময় নোট ভালোভাবে গুনে নিন। যে দোকান থেকে পণ্য কিনবেন সেই দোকানের একটি কার্ড চেয়ে নিন। যে কোনো দোকান থেকে জিনিস ক্রয়ের পর মূসক বিল নিয়ে নিন এবং দেখে নিন বিলটি ঠিকমতো করা হয়েছে কি না। ঈদ বাজারে ভিড়ের মাঝে নানা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ ও মোবাইল সাবধানে রাখুন। প্রয়োজনীয় কাগজপত্র, ভোটার আইডি, বিল বা একাধিক মোবাইল থাকলে তা বাড়িতে রেখে যান। শপিংয়ের সময় ঝোলানো মোবাইল ব্যাগ ব্যবহার করবেন না। প্রয়োজনে মোবাইল হাতে বা ব্যাগের ভেতরের ছোট পকেটে রাখুন। মোবাইলের ভাইব্রেশন অ্যালার্ট অন রাখুন। কল এলে ভিড়ের মাঝেও সহজেই বুঝতে পারবেন। খুব বেশি নগদ টাকা সঙ্গে না রাখাই ভালো। আজকাল প্রায় সব বড় দোকানেই ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। তাছাড়া যে এলাকায় শপিংয়ে যাচ্ছেন সেখানকার এটিএম বুথ কোথায় সে সম্পর্কে আগেই জেনে নিন। গুটিকতক নির্ধারিত দামের দোকান ছাড়া সব দোকানেই দরদাম চলে। তাই যাচাই-বাছাই করে জিনিস কিনতে ভুলবেন না। একই জিনিস দেখতে একই রকম হলেও মান ভিন্ন হতে পারে। সে ব্যাপারে সচেতন থাকুন।

 

শপিংয়ে বের হওয়ার আগে প্রয়োজনীয় সবকিছু নিয়েছেন কি না দেখে নিন। টাকার ব্যাগ, মোবাইল, শপিং লিস্ট ইত্যাদি গুছিয়ে নিন। ছোট অনেক ব্যাগ নেয়ার চেয়ে বড় একটি ব্যাগ নিতে পারেন। এতে সব পণ্য এক সঙ্গে নেয়া যাবে এবং হারিয়ে যাওয়ার ভয়ও থাকবে না। বাড়িতে ফেরার আগেই দেখে নিন সব কেনাকাটা হয়েছে কি না কিংবা যা যা কেনা হলো তা সব নেয়া হয়েছে কি না। কোনো পণ্য ফেরত দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করলে সে ব্যাপারে দোকানির সঙ্গে আগেই আলাপ করে নিন।

 

শপিংয়ে যাওয়ার সময় আরামদায়ক পোশাক ও জুতা বাছাই করুন। শপিংয়ে ছোট বাচ্চাদের সঙ্গে না নেয়াই ভালো। ভিড়ে বাচ্চারা হারিয়ে যেতে পারে, তাছাড়া গরম ও অনেক লোকের সংস্পর্শে বাচ্চারা সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। সারাদিনের জন্য শপিংয়ে বের হলে ব্যাগে এক বোতল পানি ও হালকা খাবার সঙ্গে রাখা উচিত। বাইরের বা রাস্তার খাবার এ সময় একেবারেই খাওয়া উচিত নয়।

 

ননস্টিচ কাপড় বা গজ কাপড় কিনলে বা রেডিমেড কাপড় অল্টার করাতে হলে আগেই দর্জির সঙ্গে কথা বলে রাখুন। এতে শেষ মুহুর্তের ঝামেলা এড়ানো যাবে। টাকা আদান-প্রদানের সময় জাল টাকার ব্যাপারে সাবধান থাকুন।

 

 

বিভাগ: প্রচ্ছদ

RSSকমেন্টস (0)

Trackback URL

আপনার মন্তব্য



ওয়েব সাইট

আপনার কমেন্টের সাথে যদি ছবি প্রকাশ করতে চান, এখান থেকে ছবি সংগ্রহ করুন.