ভুলে যান সারাদিনের ক্লান্তি ফারজানা তিথী
দিনের শেষে কর্মব্যস্ত নারীরা ক্লান্তি আর টেনশন নিয়ে বাড়ি ফেরেন। তারপর সেই ক্লান্তি নিয়েই বিছানায় যাওয়া। নিজের দিকে নজর দেয়ার সময় কই? তবে খুব বেশি নয়, দিনের শেষে মাত্র ২০ মিনিট সময় যদি নিজের জন্য রাখতে পারেন তাহলে সারাদিনের ক্লান্তি কাটিয়ে আপনি ফ্রেশ হতে পারেন। ত্বক-চুলের সৌন্দর্য আর ফ্রেশ লুক ধরে রাখতে তাই বেডটাইম বিউটি রুটিনের জুড়ি নেই।
প্রাথমিক নিয়ম
বাইরে বের হলে তো বটেই, না বেরোলেও ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। রান্নাঘরের তেলকালিও ত্বকের জন্য ক্ষতিকারক।
সাবান ব্যবহার না করলেই ভালো হয়।
বাসি মেকআপ ত্বকের সব থেকে বড় শত্রু। যতই ক্লান্ত থাকুন মেকআপ ভালো করে তুলে ঘুমাতে যাবেন।
আই মেকআপ তোলার জন্য আলাদা ক্লিনজার ব্যবহার করতে পারেন।
ত্বক অনুযায়ী ক্লিনজার বেছে নিন। ময়েশ্চারাইজার লাগান।
মুখের সঙ্গে সঙ্গে গলা, হাত, কনুইতেও ময়েশ্চারাইজার লাগাবেন।
শীতকালে নাইট ক্রিম ব্যবহার করুন।
চুল ভালো করে আঁচড়ে হালকা করে বেঁধে ঘুমাতে যাবেন।
চুলের জন্য
রাতে শ্যাম্পু করার অভ্যাস থাকলে ঘুমানোর আগে চুল ভালো করে শুকিয়ে নিন।
খুশকির সমস্যা থাকলে রাতে অ্যান্টি-ড্যানড্রফ তেল চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করে নিন। সকালে শ্যাম্পু করে নিন।
ঘুমানোর সময় লম্বা চুল খুব টেনে বাঁধবেন না। এতে স্ক্যাপে রক্ত চলাচল ব্যাহত হবে।
চুল ভালো করে আঁচড়ে হালকা বেণি বা পনিটেল বেঁধে ঘুমাতে যান।
চোখের যত্নে
ঠাণ্ডা দুধে তুলা ডুবিয়ে ক্লান্ত চোখের ওপর ১৫ মিনিট রাখুন। ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। চোখের তলায় কালি কমবে।
চোখের পাতায় সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমাতে যান। এটি ভালো কন্ডিশনার।
কোনো ঘন ক্রিম চোখের পাতায় ব্যবহার করবেন না, হোয়াইট হেডস উঠতে পারে।
চোখের কোল ফোলা হলে চিত হয়ে ঘুমাতে চেষ্টা করুন। শক্ত ও উঁচু বালিশ ব্যবহার করুন।
চোখের কোলের বলিরেখা দূর করতে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন।
ঠোঁটের যত্ন
শুকনো ঠোঁটে পুরু করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নরম টুথব্রাশ দিয়ে খুব আস্তে আস্তে ঘষুন। মরা চামড়া উঠে আসবে।
নিয়মিত লিপবাম মেখে ঘুমাতে যান।
ঠোঁট নরম রাখতে দুধের সর লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
হাতের যত্ন
সপ্তাহে একদিন গোলাপজল আর গ্লিসারিন মিশিয়ে ঘুমানোর আগে দুই হাতে ম্যাসাজ করুন। ভিটামিন-ই তেল বা আমন্ড তেল নখ এবং তার চারপাশে লাগান। নখ মজবুত হবে।
যাদের হাত শক্ত আর রাফ হয়ে যাচ্ছে, তারা হাতে ভালো করে পেট্রোলিয়াম জেলি মেখে ঘুমাতে যান।
পায়ের যত্ন
প্রতিদিন রাতে পা খুব ভালো করে পরিষ্কার করে ঘুমাতে যান। নিয়মিত ফুটবাথ নিন।
যাদের পা ফাটার সমস্যা আছে তারা সপ্তাহে দুদিন ঘুমাতে যাওয়ার আগে অল্প গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। পামিস স্টোন বা ফুটব্রাশ দিয়ে পা ঘষে পরিষ্কার করুন। পরে পা শুকিয়ে ময়েশ্চারাইজার বা ফুটক্রিম মেখে ঘুমাতে যান।
বিভাগ: লাইফস্টাইল



