banner ad

সবচেয়ে বড় মানচিত্রের বই

লন্ডনের ব্রিটিশ লাইব্রেরিতে প্রদর্শিত হলো বিশ্বের সবচেয়ে বড় অ্যাটলাস বা মানচিত্রের বই। আর্থ প্লাটিনাম নামের এই অ্যাটলাসটিকে বিশ্বের সবচেয়ে বড় মানচিত্র গ্রন্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস  বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। গ্রন্থটির দৈর্ঘ্য ৯ ফুট, প্রস্থ ৬ ফুট। ওজন ২শ কেজি। এই বইয়ের মাত্র ৩১টি কপি রয়েছে। অস্ট্রেলিয়ার মিলিনিয়াম হাউস ৬১ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছিল। এই গ্রন্থে রঙিন স্যাটেলাইট ছবি, আলোকচিত্র ও গ্রাফিক ছবি ব্যবহার করা হয়েছে। গবেষণার কাজে এই গ্রন্থটি কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

 

 

 

ব্রিজটি আর ব্রিজ নেই

 

স্থাপনা নির্মাণে আজকাল অদ্ভুত ও অভিনব সব চিন্তাকে কাজে লাগানো হচ্ছে। তবে সে চিন্তায় শিশুদের দিকটা তেমন জায়গা পাচ্ছে না। জার্মানির ৩৫ বছর বয়সী পথ-চিত্রশিল্পী মার্টিন হেউওল্ড ওরফে মেগ্স শিশুদের নিয়ে ভেবেছেন। জার্মানির উপার্শাল শহরের একটি রাস্তায় একটি ছোট রেল ব্রিজ ছিল, তিনি সেটিকে রং করেছেন। এমনভাবে রং করেছেন দেখলে মনে হবে বাচ্চাদের বাহারি রংয়েরলেগো ব্রিক দিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে। স্থানীয় কাউন্সিলপ্রধান মেগ্সকে সাদামাটা কংক্রিট ব্রিজটিকে বিভিন্ন উজ্জ্বল রংয়ে রাঙিয়ে তোলার অনুমতি দেন।

 

 

 

গান্ধীর চিঠিপত্র কিনল ভারত সরকার

 

মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কযুক্ত হাজার হাজার চিঠি ও নথিপত্র নিলামে তুলতে যাচ্ছিল নিউইয়র্কের বিখ্যাত সোদিবি’স নিলাম প্রতিষ্ঠান। তবে ভারত সরকারের হস্তক্ষেপে সে নিলাম বাতিল করা হয়। সোদিবি’স জানিয়েছে, ভারত সরকার ১০ জুলাই ওই ঐতিহাসিক চিঠিপত্র ও নথিগুলো কিনে নিয়েছে। এজন্য ভারত কত পরিশোধ করেছে তা জানানো হয়নি। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, মহামূল্যবান ওই কাগজপত্রগুলোর অবস্থা বেশ ভালো। মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন সেসময়ের নানা অজানা কথা এই চিঠিগুলোতে প্রকাশিত হয়েছে।

 

 

 

মমতার বর্ষণ

 

গত ১১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের বহুল আলোচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের গরু মারা জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এ সময় তিনি বন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বন কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে পেয়ে একটি বিশেষ অনুরোধ করে বসেন। মমতাকে সদ্য জন্ম নেয়া একটি বাচ্চা হাতির নাম রাখতে হবে। মমতা বিপাকে পড়েন। কী নাম দেয়া যায়? যেহেতু ভারি বর্ষণের কারণে সম্প্রতি আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সে কারণে মুখ্যমন্ত্রী মমতা হাতিটির নাম রাখলেন ‘বর্ষণ’।

 

 

 

চামড়াঢাকা ফেরারি গাড়ি

 

লাক্সারি গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জায় চামড়ার ব্যবহার প্রায় অবধারিত। বাইরের সজ্জায় প্রধানত ধাতুই থাকে। ধাতুর ওপর আকর্ষণীয় রংয়ের প্রলেপ। ইতালির ফেরারি এই চিরচেনা পদ্ধতি ভেঙে দিয়েছে। এই প্রথমবারের মতো একটি পুরো গাড়ির বাইরের দিকটা মুড়ে দেয়া হলো চামড়ায়! ফেরারি এফ৪৩০ মডেলের এই গাড়িটির গায়ে রংয়ের প্রলেপের বদলে থাকছে কালো চামড়ার পরত। গাড়ির দাম  প্রায় ১ কোটি ৭২ লাখ ৩৩  হাজার টাকা।

 

 

 

বিভাগ: ফিচার

RSSকমেন্টস (0)

Trackback URL

আপনার মন্তব্য



ওয়েব সাইট

আপনার কমেন্টের সাথে যদি ছবি প্রকাশ করতে চান, এখান থেকে ছবি সংগ্রহ করুন.