ভিন্ন স্বাদে মুরগি
হাতের কাছের মসলা ও সস দিয়ে ঝটপট তৈরি করা যায় এই চার মুরগির রেসিপি
কালো মরিচ মুরগি
উপকরণ
মুরগির মাংস হাড় ছাড়া ছোট টুকরো করা ২ কাপ, আদা, রসুন বাটা দেড় চা-চামচ করে; লেবুর রস ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ ভাঙা কোয়ার্টার চা-চামচ করে; তেল পরিমাণমতো।
প্রণালী
মাংস আদা, রসুন বাটা, সাদা গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, স্বাদমতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখুন ১ ঘণ্টা। এখন কড়াইয়ে তেল গরম করে তাতে মাংস ভাজুন। মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে রাখুন। কালো গোলমরিচ ভাঙা দিয়ে মাখা মাখা হলে নামান।
স্পাইসি ভেজিটেবল চিকেন
উপকরণ
মিষ্টিকুমড়া লম্বা করে কাটা ১ কাপ, পেঁপে আধা কাপ, বাঁধাকপি ১ কাপ, বোনলেস চিকেন ২ কাপ, বরবটি আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ, আদা, রসুন বাটা ১ চা-চামচ করে; পেঁয়াজ ২টি চার ভাগ করা, মরিচ গুঁড়ো দেড় চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা-চামচ।
প্রণালী
সবজি লম্বা করে কেটে হালকা ভাপ দিন। চিকেন সয়াসস দিয়ে মেখে আধা ঘণ্টা রাখুন। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজসহ অন্যান্য মসলা দিয়ে কষিয়ে মাংস দিয়ে ভাজুন। মাংস সেদ্ধ হয়ে এলে সবজি দিয়ে লবণ ছিটিয়ে ভাজা ভাজা করে নামান।
স্পাইসি মাশরুম চিকেন
উপকরণ
মাশরুম ১ কাপ, চিকেন বোনলেস ১ কাপ, চিলিসস আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো, আদা, রসুন, মরিচ গুঁড়ো আধা চা-চামচ করে; পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালী
চিকেন সয়াসস দিয়ে মেখে রাখুন আধা ঘণ্টা। কড়াইতে তেল দিয়ে সব মসলা কষিয়ে চিকেন দিন। চিকেন ভাজা ভাজা হলে মাশরুম ঢালুন। নামানোর আগে চিলিসস, লবণ দিয়ে নামান।
সরষে মুরগি
উপকরণ
মুরগি ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, সরষের তেল পরিমাণমতো, সরষে বাটা আধা চা-চামচ, কাঁচামরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, হলুদ ও লেবুর রস আধা চা-চামচ করে।
প্রণালী
মুরগি হাড়ছাড়া ছোট টুকরো করে কাটুন। এবার মাংসে হলুদ, লেবুর রস, সামান্য লবণ দিয়ে মেখে ফ্রিজে রাখুন। পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। মাংস ঢেলে দিন। মাংস ভাজতে ভাজতে লাল রং হয়ে এলে সরষে বাটা, কাঁচামরিচ দিয়ে নেড়ে, তেল দিয়ে ঢেকে দিন। হয়ে এলে নামান।
বিভাগ: রান্না



